প্রকাশিত: Mon, Apr 8, 2024 9:01 AM
আপডেট: Fri, Mar 13, 2026 12:27 AM

[১]পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী কুকি চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে: আইজিপি

সুজন কৈরী: [২] রোববার বিকেলে সায়েদাবাদ জনপথ মোড়ে ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই কথা বলেন।

[৩] তিনি বলেন, বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। 

[৪] আইজিপি বলেন, কুকি-চিন যে আক্রমণ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করে কার্যক্রম চালাচ্ছি। তাদের বিরুদ্ধে কিছু কার্যক্রমের খবর আসছে, আগামীতে আরও ভালো খবর আসবে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, কুকি-চিনের বিরুদ্ধে আমরা সবাই মিলে কাজ করছি। এখন আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নেই।

[৫] পুলিশপ্রধান বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। জিরো টলারেন্স নীতির কারণে আমরা যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করেছি, পাহাড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীসহ সবাই একসঙ্গে কাজ করছি। পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা পাহাড়ে অপরাধ সংগঠিত করার সঙ্গে জড়িত তাদের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : কামরুজ্জামান